ভারতের গুজরাটে বহুতল ভবন ধসের একদিনের মাথায় এবার ঝাড়খণ্ড রাজ্যে ভেঙে পড়লো আরেকটি বহুতল। এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৬টার দিকে ঝাড়খণ্ডের দেওঘর জেলায় ভবন ধসের এ ঘটনা ঘটে।
দেওঘরের জেলাশাসক বিশাল সাগর জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
তবে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শিশুসহ চারজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলার সীতা হোটেলের কাছে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়েছে। এনডিআরএফ এবং স্বাস্থ্য বিভাগের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এছাড়াও একটি র্যাপিড রেসকিউ দল মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, এরইমধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনী ও অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। ঘটনাস্থলে রয়েছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, দেওঘরের পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার। তাদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে।
দুবে বলেন, উদ্ধার কাজের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি দল পাঠিয়েছেন। সকাল থেকেই আমি ঘটনাস্থলে রয়েছি। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেছে। এক নারী উদ্ধার করেছে এনডিআরএফ। উদ্ধারকাজ এখনও চলছে।
তবে ঠিক কী কারণে বহুতলটি ভেঙে পড়লো তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি প্রশাসন।
এর আগে শনিবার বিকেলে গুজরাটে ভেঙে পড়ে একটি ছয়তলা ভবন। ওই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।