রুশ হামলার ভয়ে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেয়ার পাশাপাশি কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ হয়।  

যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বুধবার এমন পদক্ষেপ নিলো ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এ হামলা চালানো হয়। ইউক্রেনের হামলার পর রাশিয়া হুমকি দিয়ে বলেছে, যথা সময়ে উপযুক্ত জবাব দেয়া হবে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এ জন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিমান হামলার সতর্কবার্তা ঘোষণার সঙ্গে সঙ্গেই দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। একই সঙ্গে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছিল, এ পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সাম্প্রতিক এই হামলার ফলে যুদ্ধ আরও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা মিসাইল দিয়ে ইউক্রেনের হামলার জেরে সংঘাতের মাত্রা বাড়তে পারে বলে আগেই সতর্ক করে আসছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধের এই নতুন ধাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারা বলছেন, রাশিয়া এই হামলার জবাব দেবেই।