তেলেঙ্গানা কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস । এখনো নিখোঁজ রয়েছে আরো ২৭ জন। গুরুতর আহত হয়েছে বেশ আরো ৩৫ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার (৩০ জুন) সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুক এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে ১২ জনের মৃত্যু হয়। এখনও অনেক শ্রমিক নিখোঁজ  থাকায়  হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রাজ্য দমকল বিভাগের পরিচালক জি ভি নারায়ণা রাও জানান, ঘটনাস্থল থেকে ৩৪টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন হাসপাতালে দগ্ধ অবস্থায় মারা গেছেন। রাও বলেন, কারখানার কাঠামো ধসে পড়েছে। আগুন নিভে গেছে, তবে ধ্বংসস্তূপ সরাতে আরও কয়েক ঘণ্টা লাগবে। 

তিনি আরও বলেন, কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। এদিকে কী কারণে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রী তৈরি হতো বলে জানিয়েছে পুলিশ। 

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের কারণে কারখানাটির ছাদ উড়ে যায়। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের মরদেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।