ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছের দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লিতে নির্বাচন কমিশন অভিমূখে বিক্ষোভ মিছিল থেকে আটকের পর ছাড়া পেয়ে তিনি একথা জানান। তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কাকেও ছেড়ে দিয়েছে পুলিশ।
বক্তব্য ফিরিয়ে নিতে অথবা বক্তব্যের সমর্থনে একটি শপথপত্র সই করার জন্য নির্বাচন কমিশন রাহুলকে বারবার অনুরোধ করা পরও, তিনি তাতে রাজি হননি। পুলিশের কাছে থেকে মুক্তি পাওয়ার পর রাহুল বলেন, ভোট চুরির দাবির জন্য তিনি যে নথিগুলো উল্লেখ করেছেন, তা নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য থেকে এসেছে।
‘এক ব্যক্তি, এক ভোট’ শ্লোগানে ইসি অভিমুখে বিক্ষোল মিছিলের সময় রাহুল গান্ধী বলেন, এই কর্মসূচি হচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই। দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে অস্বীকৃতি জানানো হয়েছিল।
রাহুল গান্ধী বলেন, আমি কেন শপথপত্রে সই করবো? এটা তাদের তথ্য, আমার নয়। তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এটি নেয়া উচিত। তারা কেবল মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে।
আর কারোই ভাবা উচিত নয় যে, এটি কেবল বেঙ্গালুরুতেই ঘটেছে; এটি অনেক নির্বাচনী এলাকায় ঘটেছে। আজ, নির্বাচন কমিশন কিছু লুকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে একদিন সব কিছু বেরিয়ে আসবে।
ভারতের বিরোধীদলীয় নেতা বলেন, ভারতের গণতন্ত্রের অবস্থা দেখুন। ৩০০ জন এমপি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে একটি নথি উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা ভীত। যদি ৩০০ জন এমপি আসেন এবং তাদের সত্য প্রকাশ পায়? এই লড়াই আর রাজনৈতিক নয়। এই লড়াই সংবিধানের জন্য এবং এক ব্যক্তি এক ভোটের জন্য।
আমরা কর্ণাটকে স্পষ্টভাবে দেখিয়েছি, এটি ছিল বহু ব্যক্তি, বহু ভোট। সমগ্র বিরোধী দল এর বিরুদ্ধে লড়াই করছে। ইসির পক্ষে এখন লুকানো খুব কঠিন হবে, বলেও যোগ করেন তিনি।
সোমবার ইসি আবারও রাহুল গান্ধীকে সই করা ঘোষণাপত্র জমা দিতে অথবা ‘দেশের কাছে ক্ষমা চাইতে’ চাপ দেয়। ৭ আগস্ট রাহুল বলেছিলেন, অভ্যন্তরীণ বিশ্লেষণে কর্ণাটকে কংগ্রেসের জন্য ১৬টি লোকসভা আসনের পূর্বাভাস দেয়া হয়েছিল, কিন্তু দল মাত্র ৯টি আসন জিতেছে। সাতটি বিষ্ময়কর পরাজয়ের তদন্ত করে, তিনি মহাদেবপুরার দিকে ইঙ্গিত করে ব্যালেট চুরির অভিযোগ করেছিলেন।
রাহুল বলেন, পাঁচটি ভিন্ন উপায়ে ১০০ থেকে ২৫০টি ভোট চুরি করতে দেখেছি। নকল ভোটার, জাল এবং অবৈধ ঠিকানা, এবং একক ঠিকানায়, ৫০-৬০ জন লোকের বসবাসের একটি ভবনে বিপুল ভোটার। কিন্তু যখন আমরা সেখানে যাই, সেখানে বসবাসকারী লোকদের কোনও রেকর্ড নেই। সেই বাড়িতে মাত্র একটি পরিবার বাস করে।