সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক। যে কোনো হামলা বা অনুপ্রবেশ ঠেকাতে সব সামরিক ঘাঁটি ও ক্যাম্পে সতর্কতার মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি ফালাহ আজ-জাইদি।
তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র সাবাহ আন-নুমান জানিয়েছেন, দেশের সব সামরিক স্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় রাডার ব্যবস্থা, আগাম সতর্কীকরণ প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত বুধবার ভোরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকের বসরা, ওয়াসিত, কিরকুক ও দিয়ালা প্রদেশে হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হলেও, ইরাকের ইসলামি প্রতিরোধ আগেই সেই অভিযোগ প্রত্যাখ্যান করে। তাদের দাবি, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব বা অন্য কোনো দেশে হামলা চালানো হয়নি।