‘শক্তিধর দেশগুলোর মধ্যে সুসম্পর্ক ঐচ্ছিক নয়, অপরিহার্য’

বৃহৎ শক্তিগুলোর সংঘাতে বিশ্ব অশান্ত হয়; বৃহৎ শক্তিগুলোর মধ্যে ইতিবাচক ও সুস্থ পারস্পরিক সম্পর্ক বজায় রাখা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক ও অপরিহার্য প্রয়োজন।

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের সূচনা বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বিশ্বশান্তি, পারস্পরিক সহাবস্থান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া, রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে শি জিনপিংয়ের এই গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে।

বৈঠকের শুরুতে এই সম্মেলনকে ইতিহাসের প্রথম এবং ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সমগ্র মানবজাতি একটি অভিন্ন ‘গ্লোবাল ভিলেজ’ বা বিশ্বগ্রামে বসবাস করছে উল্লেখ করে তিনি বলেন, এখানে সবার ভাগ্য একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই বিশ্বগ্রামে বৃহৎ শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে।

Leader Summit 08
ইতিহাসের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে শি জিনপিং বলেন, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। প্রতিকূলতাই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়। ইতিহাস আমাদের বলে, যখন বৃহৎ শক্তিগুলো মিলেমিশে বসবাস করে, তখন পৃথিবীতে শান্তি বিরাজ করে; আর যখন বৃহৎ শক্তিগুলো সংঘাতে জড়িয়ে পড়ে, তখন পুরো বিশ্ব অশান্ত হয়ে ওঠে।

চীনের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, বৃহৎ শক্তিগুলোর মধ্যে ইতিবাচক ও সুস্থ পারস্পরিক সম্পর্ক বজায় রাখা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক ও অপরিহার্য প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে চীন শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নের ভিত্তিতে এমন এক বৃহৎ-শক্তি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি গোটা বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনে।

নিজ দেশের কূটনৈতিক অবস্থানের উদাহরণ টেনে শি জিনপিং বলেন, বেইজিং একদিকে যেমন নতুন যুগের জন্য রাশিয়ার সঙ্গে তার সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং মানবজাতির অগ্রগতিতে বৃহত্তর অবদান রাখতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একযোগে কাজ করে বিশ্বের সামনে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান চীনা নেতা শি জিনপিং