বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান।
রানওয়েতে বিছানো লালগালিচায় দুই নেতার করমর্দন ও আলিঙ্গনের পর এক সংবর্ধনা অনুষ্ঠানের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ট্রাম্প। এক বছরেরও বেশি সময় পর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবার সরাসরি সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প ও পুতিনের মধ্যে একান্ত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। তবে অ্যাপেক সম্মেলনের মূল আকর্ষণ থাকবে বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠক। ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বের প্রভাবশালী তিন দেশের শীর্ষ নেতা একই সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ইউক্রেন ও ইরানের চলমান যুদ্ধ, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, বাণিজ্যিক উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবিকাশের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় স্থান পাবে বলে জোরালো আভাস পাওয়া গেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে শুধু সৌজন্য বিনিময় হয়েছে, কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তিনি আরও জানান, বৃহস্পতিবারের ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনার জন্য সর্বোচ্চ এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কিয়েভ বা ইউরোপের কোনো প্রতিনিধির অনুপস্থিতিতে ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে, এমন আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শেনঝেন বৈঠকের আলোচ্যসূচিতে চীন এই বিষয়টি রাখতে চায় কি না, তা এখনো স্পষ্ট নয়।
বেইজিংয়ের পক্ষ থেকে ‘বিশ্বশান্তি রক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধির’ প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।
যদিও কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা বেইজিংয়ের বিরুদ্ধে মস্কোকে প্রচ্ছন্ন সমর্থন ও সামরিক কাজে ব্যবহারযোগ্য দ্বৈত-প্রযুক্তি সরবরাহের অভিযোগ করে আসছে, যা চীন বরাবরই অস্বীকার করেছে।

২০২৫ সালের আগস্টের পর বুধবারের এই করমর্দনই ছিল ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি সাক্ষাৎ। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট আলাস্কা সফর করেছিলেন, তবে সেই বৈঠক থেকে কোনো কার্যকর সমাধান আসেনি।
অন্যদিকে, শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে শি জিনপিংয়ের ব্যক্তিগত অভ্যর্থনা জানানোর বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। চলতি বছরের সেপ্টেম্বরে শি জিনপিং যখন ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন, যেটিকে শি ‘বিশেষ’ সম্মান হিসেবে অভিহিত করেছিলেন।
তারই প্রতিদান হিসেবে শেনজেন ট্রাম্পের বিমানের সামনে লালগালিচা বিছানো হয়; উল্লসিত জনতা, গার্ড অব অনার, সামরিক বিমানের মহড়া এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তুলতে চান। চীনের শীর্ষ পদে আসীন হওয়ার পর শি জিনপিং এর আগে কখনোই কোনো সফররত মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি।
২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তিনি বিমানবন্দরে স্বাগত জানালেও তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রোটোকল-সচেতন চীনের প্রথা অনুযায়ী রাষ্ট্রপ্রধান সাধারণত বিমানবন্দরে অতিথিদের অভ্যর্থনা জানাতে যান না। ফলে শি জিনপিংয়ের এই উপস্থিতি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বেইজিং কতটা গুরুত্ব দিচ্ছে, তারই স্পষ্ট প্রমাণ।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বর্ধনশীল কেন্দ্র শেনঝেনে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদচ্যুতি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।
মার্কিন গোয়েন্দাদের সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর হুয়াংকে সরিয়ে দেওয়া হয়, যদিও চীন এই অভিযোগকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে। ট্রাম্প চীনের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও এই ঘটনা দুই পরাশক্তির মধ্যকার অন্তর্নিহিত উত্তেজনার কথাই মনে করিয়ে দেয়।

ট্রাম্পের পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই শেনজেনে অবতরণ করেন ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শি জিনপিংয়ের প্রভাবশালী চিফ অব স্টাফ কাই কি, যা কূটনৈতিক প্রোটোকলের দিক থেকে অত্যন্ত উচ্চপর্যায়ের সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর পুতিন ও শি জিনপিং প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন, যেখানে রুশ প্রেসিডেন্ট চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের ওপর জোর দেন। বৈঠকে শি জিনপিং মন্তব্য করেন, উভয় দেশ ‘দৃঢ় ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে’ এবং চীন-রাশিয়ার সম্পর্ক ‘পর্বতের মতো অটল, যা কোনো ঝড়েই টলবে না’।
