মিসরের একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মান্তিক হতাহতের তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, গিজার আল-ওয়ারাক জেলার একটি সুড়ঙ্গের ওপর দিয়ে যাওয়া রিং রোডে জ্বালানিবাহী গাড়িটি উল্টে গেলে আগুন ধরে যায়। গ্রেটার কায়রোজুড়ে বিস্তৃত এই রিং রোডটি কায়রো, গিজা এবং কালিউবিয়া গভর্নরেটের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পর্যবেক্ষকদের মতে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতা এবং সড়কের অবস্থার কারণে মিসরে সড়ক দুর্ঘটনা বেশ নিয়মিত ঘটনা। যানজট কমানোর পাশাপাশি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের চাপ সামাল দিতে সাম্প্রতিক বছরগুলোতে বৃহত্তর অবকাঠামো কর্মসূচির আওতায় নতুন মহাসড়ক ও সেতু নির্মাণ করে সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে মিসর। কিছু এলাকায় যান চলাচলের গতি বাড়লেও দেশজুড়ে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট