যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৯০

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচণ্ড ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র টেনেসি অঙ্গরাজ্যেই মারা গেছেন ২৫ জন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ঠাণ্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত।

শীতকালীন ঝড়ে টেনেসিতে ২৫ জন এবং ওরিগনে ১৬ জনের মৃত্যুর পর ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টেনেসি এবং ওরিগনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসেলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েক জায়গায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিকূল এই আবহাওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বন্ধ রয়েছে স্কুল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। পরে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আর্কটিক আবহাওয়ার কারণে তুষার। কিছুটা কমে এলেও সপ্তাহান্তে তাপমাত্রা আরও বেশি করে হিমাঙ্কের নিচে চলে যাবে। তখন ঠাণ্ডায় মানুষের অবস্থা জবুথবু হবে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র শীতের কনকনে হাওয়া মনটানা থেকে ফ্লোরিডার দিকে বেশি প্রবাহিত হবে এবং উত্তর-পশ্চিম ইন্ডিয়ানাতে ঘণ্টায় দুই ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।