বাইডেনের সঙ্গে বিতর্কে প্রস্তুত ট্রাম্প

‘সুপার টুয়েসডে’ জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয় ‘সুপার টুয়েসডে’কে। রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে এদিন শেষ চেষ্টা করেছিলেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি।

বিবিসির খবরে বলা হয়, নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘ট্রুথ’ সোশ্যালে বুধবার বড় হাতের লেখায় দেয়া পোস্টে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট ভোটে লড়তে যাওয়া ট্রাম্প বলেন, ‘তিনি বাইডেনের সঙ্গে যেকোনো সময় যেকোনো জায়গায় টেলিভিশন বিতর্কে অংশ নিতে চান।’

ডোনাল্ড ট্রাম্প

অবশ্য ট্রাম্পের এ মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, মনোযোগ টানতে ব্যাকুল ট্রাম্প। তিনি সাড়া পেতেই হিমশিম খাচ্ছেন। আর তাই তিনি এসব করছেন।

পরে অবশ্য নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, দেশের মানুষের জন্য জো বাইডেন আর ট্রাম্পের ‘বিতর্ক’ গুরুত্বপূর্ণ। আমেরিকার লোকেরা এটি দেখতে চায়।

জো বাইডেন

ট্রাম্প আরও বলেন, গত ৩০ বছর ধরে দেশটির রাষ্ট্রপতি বিতর্কগুলো তত্ত্বাবধান করা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা দেশের রাষ্ট্রপতি বিতর্ক কমিশন এ আয়োজন করতে পারে।

এছাড়া ৭৭ বছর বয়সী এও দাবি করছেন যে, ৮১ বছর বয়সী বাইডেন তার সাথে বিতর্ক করার জন্য খুবই বৃদ্ধ হয়েছে গেছেন।