ভারত সফরে গিয়ে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তবে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদিক মালিক আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার তাকে শুধু এসসিওর সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
তবে নিরাপত্তা ছাড়পত্র পাওয়া সাপেক্ষে তাজমহল পরিদর্শনের সম্ভাবনা এখনো রয়েছে। অন্যদিকে, নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি পাননি পাকিস্তানের এই মন্ত্রী।
গত ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় অনুষ্ঠিত হচ্ছে এসসিওর প্রথম সভ্যতা সংলাপ ফোরাম। এতে অংশ নিতে শুক্রবার ভারতে পৌঁছান মুসাদিক মালিক।
২০২৩ সালে গোয়ায় এসসিওর বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এটিই পাকিস্তানের কোনো নেতার প্রথম ভারত সফর।
গত ২৮ অক্টোবর ভারত জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী পাকিস্তানসহ এসসিওর সব সদস্যদেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সরকার।
পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতার মধ্যে সংলাপ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ।
তবে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। পেহেলগামের ঘটনার পর প্রতিবেশী দেশটির বিষয়ে ভারতের নীতিতে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করার বিষয়ে মুসাদিক মালিকের কঠোর বক্তব্যের বিষয়টিও সামনে এনেছে বিরোধীরা।
২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনের মাধ্যমে এসসিও প্রতিষ্ঠিত হয়। রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানেরা সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এর স্থায়ী সদস্য হয়। ২০২৩ সালে সদস্যপদ পায় ইরান।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধানদের পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গত মাসে এসসিওর পরবর্তী রাষ্ট্রপ্রধানদের পরিষদের বৈঠকের প্রস্তুতিমূলক সভায় অংশ নিতে ইসলামাবাদে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে পাঠানো হয়।
সূত্র: এনডিটিভি