২০২৫ সালের যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে পাকিস্তানের মন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতা সংলাপ ফোরামে অংশ নিতে তার এই সফর।

তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি সম্মেলনের উদ্বোধন করবেন। শনিবার ফোরামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুসাদিক মালিকের।

তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ‘সাংহাই চেতনা’র আলোকে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নিতে সক্রিয় এসসিও সদস্য হিসেবে পাকিস্তানের অংশগ্রহণের প্রতিফলন এই সফর।

ছবি: সংগৃহীত

এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সফরের পর পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। দুই দেশই এসব সফরকে এসসিওর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরেছে।

আগামী বছরের আগস্টে এসসিওর শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা পাকিস্তানের। ফলে বহুপক্ষীয় এই সম্মেলনের বাইরে দুই দেশের যোগাযোগ কত দূর এগোবে এবং এর মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলামাবাদ সফরের পথ তৈরি হবে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

কেন এই মন্ত্রীকে পাঠাল পাকিস্তান

ভারতীয় সংবাদমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে দুই দেশের কোনো সরকারই বিষয়টি নিশ্চিত করেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ছয় নভেম্বর জানিয়েছিল, তারা আমন্ত্রণ পেয়েছে এবং আলোচনার পর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মুসাদিক মালিককে পাঠানোর কারণও প্রকাশ করেনি ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সভ্যতার মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন মুসাদিক মালিক। সম্মেলনের ফাঁকে এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

ইসলামাবাদের ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের সভাপতি ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব জওহর সেলিম বলেছেন, কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে, তা নির্ধারণের অধিকার আমন্ত্রিত দেশের। এ ধরনের সম্মেলনে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনো নিয়ম নেই।

তিনি বলেন, সভ্যতা কেবল ঐতিহ্য ও সংস্কৃতির বিষয় নয়; সমাজের সঙ্গে তার ভূমি, নদী ও পারস্পরিক সম্পর্কও এর অন্তর্ভুক্ত।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের জ্যেষ্ঠ নেতা খুররম দস্তগীর খান মনে করেন, মন্ত্রী নির্বাচনের বিষয়টি ছিল সচেতন সিদ্ধান্ত। তার ভাষ্য, নিজেদের পছন্দের মন্ত্রী পাঠিয়ে পাকিস্তান ভারতের নির্ধারিত কাঠামো বা প্রদর্শনীর অংশ হয়ে না গিয়ে এসসিওর সদস্য হিসেবে সম্মেলনে অংশ নিতে পারছে। একই সঙ্গে ২০২৭ সালের সম্মেলনের আয়োজক হিসেবে গঠনমূলক ভূমিকা তুলে ধরার পাশাপাশি মোদির অংশগ্রহণের সম্ভাবনার পথও কিছুটা খোলা রাখতে চাইছে ইসলামাবাদ।

গত এক সেপ্টেম্বর এসসিওর আবর্তনশীল সভাপতির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে সংস্থাটির নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে দেশটি। ওই মাসেই ভারত ও পাকিস্তান স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদ্‌যাপন করবে।

পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত

ভারত সফরটিকে কেবল এসসিওর বহুপক্ষীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় নয়াদিল্লি। গত ২৮ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্যদেশ, সংলাপের অংশীদার এবং একজন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান নিয়ে ভারতের নীতিতে পরিবর্তন আসছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, পেহেলগামে হামলার পর পাকিস্তান বিষয়ে ভারতের একটি নীতি রয়েছে। সেই নীতি বহাল আছে, কোনো পরিবর্তন হয়নি।

২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এ ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করা শরৎ সবরওয়াল বলেন, এসসিওর আয়োজক হিসেবে ভারতকে সব সদস্যদেশকে আমন্ত্রণ জানাতে হয়েছে। তাই এই সফরের মধ্যে আপাতত বাড়তি কোনো অর্থ খোঁজার কারণ নেই।

চীনের তিয়ানজিনে গত বছরের এসসিও সম্মেলনে সভ্যতা সংলাপ ফোরামের প্রস্তাব দিয়েছিলেন মোদি। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরউদ্দিনের মতে, এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্বে ভারতের ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

তবে ‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর পররাষ্ট্রবিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ না করার অবস্থানে রয়েছে ভারত সরকার। নতুন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

এসসিওর বাইরে সম্পর্ক প্রায় স্থবির

২০১৭ সালে ভারত ও পাকিস্তান এসসিওর সদস্য হওয়ার পর থেকে সংস্থাটির সম্মেলনগুলোই দুই দেশের যোগাযোগের অন্যতম কয়েকটি ক্ষেত্রের একটি।

২০২৩ সালে গোয়ায় বিলাওয়াল ভুট্টো জারদারির সফর প্রকাশ্য বাক্‌বিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়েছিল। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করার সমালোচনা করেন। যদিও সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সমর্থক ও মুখপাত্র বলে আখ্যা দেন। ওই সফরে দুই দেশের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।

 ছবি: সংগৃহীত

এরপর ২০২৪ সালের অক্টোবরে এসসিওর সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে ইসলামাবাদ সফর করেন জয়শঙ্কর। সে সময় সৌজন্য বিনিময় হলেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের এসসিও সমন্বয়ক অলোক দিমরি তিন দিনের সফরে ইসলামাবাদ যান। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে করমর্দন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে সফরটিকে এসসিওর বার্ষিক আবর্তনশীল আনুষ্ঠানিকতা হিসেবে বর্ণনা করেন দিমরি।

খুররম দস্তগীর খানের মতে, এ ধরনের যোগাযোগ দুই দেশের সম্পর্কের গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে জয়শঙ্করের ইসলামাবাদ সফরও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ওই সফরের পরও ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সংঘাত ঠেকানো যায়নি।

পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার সালমান বশির বলেন, এসসিও দুই দেশের মধ্যে অন্তত সৌজন্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার সুযোগ তৈরি করে। তবে এটিকে সম্পর্ক স্বাভাবিক করার পথ হিসেবে দেখা ঠিক হবে না।

এসসিওর কার্যক্রমের বাইরে দুই দেশের প্রায় সব দ্বিপক্ষীয় যোগাযোগ স্থবির হয়ে আছে। পেহেলগামে হামলার পর ১৯৬০ সালের সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। গত ৩১ আগস্ট নেদারল্যান্ডসের হেগে একটি সালিসি আদালত রায় দেন, ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত করতে পারে না। তবে ওই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারত। ২০১৯ সাল থেকে দুই দেশের রাজধানীতে কোনো হাইকমিশনার নেই।

তবে সরকারি পর্যায়ের বাইরে যোগাযোগ অব্যাহত রয়েছে। লস্কর জানান, ২০২৫ সালের মে মাসের সংঘাতের কয়েক মাস পর থেকেই আধা-সরকারি ও অনানুষ্ঠানিক পর্যায়ে দুই দেশের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে।

মোদির ইসলামাবাদ সফর নিয়ে আলোচনা

আগামী বছরের আগস্টে পাকিস্তানের আয়োজনে এসসিওর শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের সম্পর্কের জন্য কয়েকটি পরীক্ষা অপেক্ষা করছে। এসসিওর বিশকেক সম্মেলনে ২০২৬-২৭ সালের জন্য পাকিস্তানের লাহোর শহরকে সংস্থাটির পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে। ভারতীয় এসসিও সমন্বয়ক অলোক দিমরি পাকিস্তান সফরের সময় শহরটি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে আগামী বছরের শীর্ষ সম্মেলন। ভারতীয় কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্মেলনে ভারতের প্রতিনিধিত্বের পর্যায় কতটা হবে, সে বিষয়ে তারিখ ঘনিয়ে এলে সিদ্ধান্ত নেওয়া হবে।

রেজাউল হাসান লস্করের মতে, দুই দেশের সম্পর্কে বড় কোনো অগ্রগতি হবে কি না, তা এখনই বলা কঠিন। তবে ভারতের প্রধানমন্ত্রীর এমন সফর নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

খুররম দস্তগীর খান বলেছেন, এসসিওর বৈঠকগুলো দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগের উপলক্ষ তৈরি করতে পারে। সম্মেলনের ফাঁকে হওয়া অনানুষ্ঠানিক সাক্ষাতের জন্য আগাম ঘোষণা বা কোনো ছাড় দেওয়ার প্রয়োজন নেই।

ইরফান নুরউদ্দিনও মোদির ইসলামাবাদ সফরের সম্ভাবনা উড়িয়ে দেননি। তার মতে, ভারতের প্রেক্ষাপটে মোদিই এমন একজন নেতা, যিনি এ ধরনের সফর করেও তা সামাল দিতে পারেন। তবে এখন থেকে আগামী বছরের আগস্ট পর্যন্ত অনেক কিছু ঘটতে পারে। তাই এত আগে থেকে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু বলা কঠিন।

সূত্র: আল-জাজিরা 

একাত্তর/কেআই
গোটা বিশ্বের চোখ এখন চীনের রাজধানীতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বহু প্রতীক্ষিত বেইজিং সম্মেলনটি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি করেছে।...
দীর্ঘ যাত্রা শেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারে বেইজিংয়ে পৌঁছেছেন। ইরানের সাথে আলোচনা শুরু করতে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে চীনের ওপর...
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, ব্যাংকিং খাত, বড় প্রযুক্তি সেবা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় টানা কারিগরি বিপর্যয়ের মধ্যে পদ ছেড়েছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস।...
যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা কমবেশি হয়ে থাকে। এ পরিস্থিতিতে বাইরে বের হওয়ার আগে বাতাসের মান জেনে নেওয়া...
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গতকাল থেকে রাজধানী ঢাকায় একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা যেন শীতের আগমনী বার্তা বয়ে আনছে। ঘন মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিতে ভেজা সড়ক আর শীতল...
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর