যুক্তরাজ্যে ধসে পড়তে পারে শতাধিক স্কুল ভবন। আর এ আশঙ্কায় ১৫০টিরও বেশি স্কুল ভবন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যাপারে সতর্ক করা শুরু করে।
প্রায় ১৫৬টি স্কুল ও কলেজ নির্মাণে আরএএসি ব্যবহৃত হয়েছে। এসব স্থাপনাকে এরইমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কিনা তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।
দেশটিতে গ্রীষ্মের ছুটি শেষে লক্ষাধিক শিক্ষার্থী যখন স্কুলে ফিরবে ঠিক সেই সময় এলো এমন সিদ্ধান্ত।