ইতালিতে বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত

ইতালির নেপলসে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার বিস্ফোরণের ফলে বাড়িটি ভেঙে পড়েছে বলে ইতালিয়ান পুলিশ জানিয়েছে।  

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বয়স ছয় বছর এবং আরেকজনের বয়স চার বছর।  খবর ডয়েচে ভেলে’র।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছয় বছরের পুত্র সন্তান ও চার বছরের কন্যা সন্তানের সঙ্গে তাদের মায়েরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাবা ও তার দুই বছরের পুত্র সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাবার অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, এখনো ধ্বংসস্তূপে শিশুদের দাদী আটকে আছেন। তবে যত সময় যাচ্ছে ততই তার বেঁচে থাকার সম্ভাবনা কমছে। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর সময়েও বাড়ির বিভিন্ন অংশ খসে খসে পড়ছে। সে কারণে দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। 

তবে ওই শিশুদের দাদী এখনও বেঁচে আছেন বলেই কোনো কোনো উদ্ধারকর্মী গণমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। গ্যাস লিকের আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে পুরো ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

শিশুদের দাদী ছাড়াও ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছে কি না, তাও এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।