ধর্মঘটে স্থবির বেলজিয়াম, বাতিল শত শত ফ্লাইট

সরকারের পরিকল্পিত ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে বেলজিয়াম। ধর্মঘটের জেরে সোমবার দেশটির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গণপরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজধানী ব্রাসেলসে ভূগর্ভস্থ রেল (আন্ডারগ্রাউন্ড) সেবা বন্ধ থাকার পাশাপাশি বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ধর্মঘটের কারণে স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র জেফরি ফ্রানসেন্স জানান, এর ফলে আজ মোট ৪০৪টি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যা ৫০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণে সরাসরি প্রভাব ফেলেছে। একইভাবে কম খরচের এয়ারলাইনস রায়ানএয়ারের ঘাঁটি হিসেবে পরিচিত শার্লেরোয়া বিমানবন্দরেও সব বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন আন্তর্জাতিক যাত্রীরা। চীন থেকে ব্রাসেলসে আসা ফরাসি যাত্রী ফ্লোরেন্স ফর রয়টার্সকে জানান, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে যাওয়ার সংযোগ ফ্লাইট বাতিল হওয়ায় তিনি আটকা পড়েছেন এবং মালামাল সরাসরি প্যারিসে যাওয়ার কথা থাকায় তা সংগ্রহও করতে পারেননি। অন্যদিকে শার্লেরোয়া বিমানবন্দরে সব ফ্লাইটের তথ্য বোর্ডে ‘নির্ধারিত’

Belgium Strike

পাঁচ দলের জোট সরকারের প্রধান ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ঋণ নেওয়ার খরচ কমাতে বাজেট সংস্কার নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে জোটের অন্যতম শরিক সমাজতান্ত্রিক দল ‘ভোরুইট’ (Vooruit) বাকি চার দলের সম্মত হওয়া ব্যয় সংকোচন পরিকল্পনায় সায় দিচ্ছে না। তাদের দাবি, পেনশন ও স্বাস্থ্য খাতে কাটছাঁট কমিয়ে ধনীদের ওপর কর বাড়াতে হবে। চলতি মাসের শুরুতে ডি ওয়েভার পদত্যাগপত্র দিলেও রাজা ফিলিপ তা প্রত্যাখ্যান করে সমঝোতার জন্য আরও সময় দিয়েছিলেন।

সোমবার অচলাবস্থা নিরসনে রাজা ফিলিপের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠক করেন প্রধানমন্ত্রী ডি ওয়েভার। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় রাজা দুঃখ প্রকাশ করলেও দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে প্রধানমন্ত্রীকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।

ধর্মঘটের কারণে গণপরিবহনের পাশাপাশি স্কুল ও অন্যান্য সরকারি সেবাও ব্যাহত হচ্ছে। ব্রাসেলসে মিছিলে অংশ নেয়া শিক্ষক ফিলিপ নাইমে রয়টার্সকে বলেন, শিক্ষা খাতে আর কোনো অর্থ বিনিয়োগ করা হচ্ছে না এবং মানুষকে নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ সাধারণ মানুষের সেই সামর্থ্য নেই।

বেলজিয়ামের অন্যতম প্রধান শ্রমিক ইউনিয়ন এফজিটিবি’র প্রধান বার্ট এঙ্গেলার বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার বদলে সরকারের সামনে বিকল্প পথ খোলা আছে। তিনি প্রকৃত সম্পদ কর আরোপ, ন্যায্য কর ব্যবস্থা এবং কর ফাঁকির পথ বন্ধ করার আহ্বান জানান। জোট শরিক ভোরুইট দলের অবস্থানের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দায়িত্ববোধ মানে যেকোনো মূল্যে সরকার টিকিয়ে রাখা নয়, বরং কোথায় থামতে হবে তা জানা। এছাড়া সিএসসি ইউনিয়নের নেতা অ্যান ভারমরগেন সাপ্তাহিক ছুটির দিনে পড়া ব্যাংক হলিডে বাতিলের সরকারি পরিকল্পনারও তীব্র সমালোচনা করেন।

তথ্যসূত্র: বিবিসি