রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে ১২৩টি শহরের কাছাকাছি এলাকায় ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিমোভো গ্রামে ইউক্রেনীয় ড্রোন একটি বাসে আঘাত হানলে ৯ জন আহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। সামারা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর সেখানে শিল্প স্থাপনায় হামলার চেষ্টা চালানো হলেও কেউ হতাহত হয়নি।
এই ব্যাপক ড্রোন হামলার মধ্যেই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিরুদ্ধে সব ধরনের ‘সামরিক আগ্রাসন গুটিয়ে নিতে’ বলেছেন। মাত্র এক সপ্তাহ আগে চীনে পুতিনকে নিজের ‘বন্ধু’ হিসেবে আখ্যা দেওয়ার পর ট্রাম্পের কণ্ঠে সুরের এই পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গত সপ্তাহে চীনের শেনঝেন শহরে বৈঠকের সময় তিনি পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য দীর্ঘ সময় ধরে অনুরোধ করেছেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি শান্তি চুক্তি হতে পারে।
এর আগের দিন ফ্লোরিডায় ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতেও যুদ্ধের পরিধি না বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ট্রাম্প। উল্লেখ্য, গত সপ্তাহে ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডে তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে ‘রুশ উসকানি’ নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।
রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলার বিষয়ে সাম্প্রতিক সময়ে কিয়েভের সমালোচনা করলেও এবার ইউক্রেনকে সংযম দেখানোর কোনো আহ্বান জানাননি ট্রাম্প। বরং নিজের অবস্থানের কঠোরতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি ইউক্রেনকে ট্যাংক-বিধ্বংসী ‘জ্যাভলিন’ ক্ষেপণাস্ত্র দেওয়ার কৃতিত্ব দাবি করেন। পাশাপাশি আগামী মাসে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিন অংশ নেবেন কি না তা নিশ্চিত না হলেও তিনি এলে তাঁকে স্বাগত জানানো হবে বলে জানান ট্রাম্প।
এদিকে, যুদ্ধবিষয়ক মার্কিন দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বুধবার জার্মান পডকাস্ট ‘এমডি মিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তের জন্য পুতিন ‘সংযম দেখিয়েছেন’ বলে মন্তব্য করেন।
পুতিনকে ‘রাজনীতির গ্র্যান্ডমাস্টার’ আখ্যা দিয়ে ইউক্রেন সংঘাতকে ইউরোপের অর্থায়নে পরিচালিত একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন কুশনার। তবে তিনি স্বীকার করেন, মস্কোর দাবি করা পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের প্রশ্নে পুতিনের অনড় অবস্থানের কারণে শান্তি আলোচনায় এখনো ‘অচলাবস্থা’ বিরাজ করছে এবং সামান্য ভুল হিসাব-নিকাশেই এই সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট