মার্কিন রণতরীতে হামলার ইরানি দাবি উড়িয়ে দিলো সেন্টকম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা এবং সামুদ্রিক অভিযান নিয়ে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারের একের পর এক দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে, ইরানি নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে এবং হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য ওয়াশিংটন জাহাজপ্রতি ২৫ লাখ ডলার করে টোল আদায় করছে, এমন সব দাবিই সম্পূর্ণ ভিত্তিহীন।

সেন্টকম তাদের বিবৃতিতে সেই প্রতিবেদনগুলো নাকচ করে দিয়েছে, যেখানে বলা হয়েছিল মার্কিন সেনারা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরা মার্কিন বাহিনীর জব্দ করা দুটি ইরানি তেল ট্যাংকার পুনর্দখল করেছে।

মার্কিন কমান্ড এই বর্ণনাকে মনগড়া আখ্যা দিয়ে আরও দাবি করেছে, ইরানের আর কোনো নৌবাহিনীই অবশিষ্ট নেই। এছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র প্রথম দিনে ইরানি নৌবাহিনী আব্রাহাম লিংকন রণতরীতে আঘাত হানায় মার্কিন বাহিনী প্রতিবেশী দেশগুলোর কাছে উদ্ধার সহায়তা চেয়েছিল, এমন দাবিও উড়িয়ে দিয়েছে সেন্টকম। তারা জানিয়েছে, রণতরীটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি; বরং মধ্যপ্রাচ্যে ঐতিহাসিকভাবে সফল যুদ্ধ-মোতায়েন শেষ করে গত মাসেই নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে।

হরমুজ প্রণালী ব্যবহারের জন্য জাহাজগুলোর কাছ থেকে ২৫ লাখ ডলার আদায়ের অভিযোগও নাকচ করেছে সেন্টকম। তাদের দাবি, এই আন্তর্জাতিক জলপথ ব্যবহারে কোনো টোল দিতে হয় না এবং মার্কিন বাহিনী ও আঞ্চলিক অংশীদাররা সেখানে অবাধ নৌচলাচলের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। ইরানের কথিত আগ্রাসন সত্ত্বেও মার্কিন সুরক্ষায় হাজার হাজার জাহাজ এবং শত শত কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে এই প্রণালী পার হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

অন্যদিকে, সেন্টকম শুক্রবার জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের আরোপিত অবরোধ লঙ্ঘনের চেষ্টায় ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী ‘প্যাসিফিক আর্চার’ নামের একটি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের বন্দর আব্বাস থেকে ছেড়ে আসা জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা করলে বৃহস্পতিবার একটি মার্কিন যুদ্ধবিমান সেটির পেছনের অংশে নির্ভুল নিশানায় গোলাবর্ষণ করে। এতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে গেলেও বেসামরিক নাবিকেরা অক্ষত রয়েছেন।

অবরোধ কার্যকর করতে গিয়ে এখন পর্যন্ত ছয়টি জাহাজ অচল এবং ১৫৮টি জাহাজের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। উল্লেখ্য, ইরানের সঙ্গে একটি স্বল্পস্থায়ী চুক্তি ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরের ওপর এই অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালীতে নিজস্ব বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে এবং নিষিদ্ধ রুট ব্যবহার করতে গিয়ে সম্প্রতি বেশ কয়েকটি জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে তেহরান।

এর আগে তেহরানে জুমার নামাজের খুতবায় ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের প্রথম দিনেই তাঁর বাহিনী শত্রুর কেন্দ্রীয় কমান্ড কাঠামো ও ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীকে নিখুঁতভাবে শনাক্ত করে এবং যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘শত্রুর হৃদপিণ্ডে’ আঘাত হানে। তাঁর দাবি অনুযায়ী, এই হামলার পর আহত ও নিহত সেনাদের তীরে নেওয়া, চিকিৎসা এবং মেরামতের জন্য প্রতিবেশী দেশগুলোর বন্দরের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিল মার্কিন বাহিনী।

রিয়ার অ্যাডমিরাল ইরানি আরও বলেন, ইরানি নৌবাহিনী তাদের সক্ষমতা বাড়িয়েছে এবং শত্রুর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি দাবি করেন, সব শক্তি মোতায়েন করেও যুক্তরাষ্ট্র মহাসাগর ছেড়ে এখন হরমুজ প্রণালীতে আটকা পড়েছে এবং আকাশ বা সমুদ্রপথে মানবচালিত বা মনুষ্যবিহীন কোনো যানই প্রণালীটি পার করতে পারছে না।

পাইলট থেকে শুরু করে কমান্ডার পর্যন্ত মার্কিন বাহিনী চরম হতাশায় ভুগছে উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন, ইরানের জনগণ ও ইসলামি প্রজাতন্ত্র কেবল পারস্য উপসাগর থেকেই নয়, বরং পশ্চিম এশিয়া থেকে চিরতরে শত্রুদের বিতাড়িত করে গর্ব অর্জন করবে।

তথ্যসূত্র: গালফ নিউজ-তাসনিম নিউজ

একাত্তর/এআরএস
হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে...
হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন করে চলাচলের সময় নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর...
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
বাজারে দোকান পাহারা দেওয়ার রাতে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো; সবাই যখন খাওয়ার পাতে বসেছিলেন, ঠিক তখনই পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে আগুন দেওয়ার...
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর