ইরান কখনোই পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটবে না: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে চলা জল্পনা-কল্পনার মাঝে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার উত্তরিলী শহর সারিতে এক প্রাদেশিক সভায় তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার সিদ্ধান্তটি ইরানের শুধু কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং এটি তাদের ধর্মীয় বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ।

যখন জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের মূল নীতির কথা বিশ্বকে মনে করিয়ে দিলেন। তিনি সোজা জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটবে না।


প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ঐতিহাসিক ঘোষণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অনুসরণ করবে না। এটি কোনো সাময়িক রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি আমাদের ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় ও ফিকহ শাস্ত্রের বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।

পলিটিক্যাল স্ট্যান্ড এবং রিলিজিয়াস স্ট্যান্ডের মধ্যে পার্থক্য বুঝিয়ে পেজেশকিয়ান বলেন, একজন রাজনীতিবিদ হয়তো সময় বা ক্ষমতার সমীকরণ মেলাতে গিয়ে কৌশলগত কথা বলতে পারেন, কিন্তু একজন ধর্মীয় নেতা কখনোই তাঁর বিশ্বাস বা শরিয়তের বিধানের বাইরে গিয়ে কথা বলতে পারেন না।

তাঁর মতে, পারমাণবিক অস্ত্র না তৈরির এই নীতিটি চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। এই কাঠামোর মধ্যে থেকে এমন ধ্বংসাত্মক অস্ত্র তৈরির চিন্তা করাও তাঁদের কাছে ‘অবৈধ’ এবং ‘অচিন্তনীয়’।


প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন জেনেভায় উভয় দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করে বলেন, ইরানের এই অবস্থান কোনো দর কষাকষির হাতিয়ার নয়। এটি একটি স্থায়ী নীতি যা দেশটির আইন এবং বিশ্বাসের সাথে সরাসরি সম্পৃক্ত।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই দ্ব্যর্থহীন ঘোষণা মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করার একটি চেষ্টা। যখন যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তখন তেহরান বিষয়টিকে ‘ধর্মীয় নিষিদ্ধতা’ বা হারামের আওতায় এনে নিজেদের নীতিগত স্বচ্ছতা প্রমাণের চেষ্টা চালাচ্ছে। জেনেভা আলোচনার টেবিলে এই ধর্মীয় আদর্শিক অবস্থান কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: তাসনিম নিউজ