খামেনি হত্যাকাণ্ড নিষ্ঠুর ও অমানবিক, তেহরানকে পুতিনের শোকবার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক শোকবার্তায় পুতিন এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। পাশাপাশি ইরানের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন পুতিন। খবর রয়টার্স।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। এটি মানবিক নৈতিকতার সব মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের নিষ্ঠুর ও নির্লজ্জ লঙ্ঘন।


রুশ প্রেসিডেন্টের মতে, এ ধরনের হত্যাকাণ্ড শুধু একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং এটি বৈশ্বিক আইন কাঠামোর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন।

পুতিন যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন, তখন পশ্চিমা দেশগুলো উল্টো রাশিয়ার সমালোচনা করছে। অনেক দেশের মতে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়ে রাশিয়া নিজেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটিয়েছে। ফলে খামেনি হত্যাকাণ্ডে পুতিনের এই 'আইন ও নৈতিকতার' বুলি বিশ্বরাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 
বিশ্লেষকরা মনে করছেন, এই শোকবার্তার মাধ্যমে পুতিন স্পষ্ট করে দিলেন, কঠিন এই সময়ে রাশিয়া ইরানের পাশেই থাকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব বিস্তারের এই সময়ে ইরান ও রাশিয়ার এই মিত্রতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।