বাহরাইনের রাজধানী ও মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য হামলার জরুরি সতর্কবার্তা পাঠানোর পরপরই এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক।

এদিকে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিস্ফোরণের পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় দেশের নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং যে কোনো তথ্যের জন্য শুধু সরকারি মাধ্যমের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। বাহিনীটি জানায়, মঙ্গলবার সকালে তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন পরিচালিত রাডার ব্যবস্থায় অত্যন্ত ‘নিখুঁত অভিযান’ পরিচালনা করেছে।

মার্কিন সামরিক ড্রোনগুলো বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় তার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিপ্লবী গার্ড।

এই বিস্ফোরণের ঠিক একদিন আগে, অর্থাৎ ১৬ নভেম্বর মানামায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বর্ধিত ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ইরানি প্রচেষ্টার খবরের প্রেক্ষাপটে বাহরাইনে সশস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।

দূতাবাস আরও সতর্ক করেছিল যে, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় দ্রুত অবনতি হতে পারে। তাই মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিপর্যয়ের জন্য আগাম বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের হামলার উদাহরণ টেনে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিনিদের বিমানবন্দর ও এয়ারলাইন্সের কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজর রাখারও নির্দেশনা দিয়েছিল ওয়াশিংটন।

তথ্যসূত্র: গালফ নিউজ