কোয়াড ও আসিয়ানকে সামনে রেখে এশিয়া সফরে ট্রাম্প

ম্যানিলায় কুশপুত্তলিকা দাহ!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র বিক্ষোভের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্পের এই এশিয়া সফরের সবচেয়ে বড় আকর্ষণ হলো দীর্ঘ দুই বছর পর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট 'কোয়াড'-এর শীর্ষ নেতাদের বৈঠক। এছাড়া চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলন এবং সেখানে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে বহুল প্রতীক্ষিত এক ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ প্রাপ্তির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার মতো উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপগুলো ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার নাজুক বাণিজ্য যুদ্ধবিরতিকে আরও জটিল করে তুলতে পারে।


ট্রাম্পের সফরকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ম্যানিলায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'প্যাক্স সিলিকা' সাপ্লাই চেইন উদ্যোগ বাতিলের দাবি জানাচ্ছেন।

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গঠিত 'কোয়াড' জোটের এটিই হতে যাচ্ছে ট্রাম্পের প্রথম শীর্ষ বৈঠক। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল দুই বছর আগে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই কোয়াডকে বেইজিংকে ঘিরে ফেলার একটি কৌশল হিসেবে দেখে আসছেন। যদিও জোটের সদস্য দেশগুলোর দাবি, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।

সাবেক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোয়াডকে আবারও সক্রিয় করার কৃতিত্ব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। তাঁর মতে, বৃহস্পতিবার চীন ও রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসার আগে কোয়াড সম্মেলন আয়োজন করাটাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী বার্তা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি নিষেধাজ্ঞা, বিরল খনিজ সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণ, এআই, সমুদ্রের তলদেশের কেবল এবং দুর্যোগ ত্রাণের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।


এর আগে সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিশ্বজুড়ে বাণিজ্যিক বিধিনিষেধের মুখে চীন ও আসিয়ানের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন এবং যেকোনো বহিরাগত হস্তক্ষেপ রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও জোটের বড় অর্থনীতির দেশগুলো ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক অনিশ্চয়তার মাঝেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী।

এদিকে মঙ্গলবার পূর্ব এশিয়া সম্মেলনের আগে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিয়ান নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আসিয়ানের সঙ্গে মিলে আঞ্চলিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বিরল খনিজের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার অঙ্গীকার করে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় চরম অস্থিরতার এই সময়ে জাপান আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

পূর্ব এশিয়া সম্মেলনে অংশ না নিলেও মঙ্গলবার বিকেলে পৌঁছে ট্রাম্প যুক্তরাষ্ট্র-আসিয়ান 'বিশেষ সম্মেলনে' যোগ দেবেন এবং বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত একটি যৌথ বিবৃতিতেও সই করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে...
বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় পুরো বিশ্ব! চলতি সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রথমবারের মতো মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের তিন...
ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শুরু করে পরমাণু অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক সংকট নিয়ে আগামী সপ্তাহে এক টেবিলে বসতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল...
মানবপাচার ও অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক অভিবাসন শাখা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো....
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর