মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। বুধবার তিনি বলেন, দেশের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও খালাস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং কৌশলগত পণ্যের মজুত ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে ইরান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মুদ্রাস্ফীতির মুখে পড়েছে, যেখানে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এর আগে গত জুলাই মাসে ইরানি বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলতি মাসের শুরুর দিকে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী পরিবহন রুখতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।

এ প্রসঙ্গে মোহাম্মদ রেজা আরেফ বলেন, দেশের দক্ষিণ দিক ছাড়া অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য খালাস ও শুল্ক ছাড়করণের হার বেড়ে যাওয়া স্পষ্ট বার্তা দেয় যে শত্রুপক্ষের নৌ অবরোধ নিয়ে তেহরান উদ্বিগ্ন নয়। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না দিলেও তিনি দাবি করেন, কৌশলগত পণ্যের মজুত অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (স্ট্যাটিস্টিক্যাল সেন্টার অব ইরান) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং বার্ষিক গড় মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। বিশেষ করে খাদ্য ও পানীয় পণ্যের দাম আগের বছরের তুলনায় ১১২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার পরিস্থিতি সামাল দিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরেফ জানান, অন্তত আগামী তিন মাস নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন আর না বাড়ে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। অন্যদিকে এক পৃথক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বাজেট বরাদ্দ ও জ্বালানি সাশ্রয় থেকে প্রাপ্ত অর্থ আরও বেশি করে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে।

তথ্যসূত্র: রয়টাসর্স