ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত চার লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। ফাঁস হওয়া রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (রসস্ট্যাট) তথ্য বিশ্লেষণ করে একাধিক স্বাধীন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিহতের এই হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে প্রতিদিন গড়ে ২৮০ থেকে ৩০০ রুশ সেনা প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতি পাঁচ মিনিটে একজন সেনা নিহত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওই সময় থেকে ২০২৬ সালের আগস্টের শেষ পর্যন্ত নিবন্ধিত মৃত্যুসনদের ভিত্তিতে নিহতের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ফলে নিখোঁজ সেনা এবং যেসব মৃত্যুর তথ্য এখনো সরকারি নথিতে নিবন্ধিত হয়নি, তারা এই হিসাবের বাইরে রয়েছেন।

গত ১ নভেম্বর রাতে রাশিয়ার পরিসংখ্যান সংস্থার ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে তথ্য সংগ্রহ করে দুটি হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠী দুটি হলো বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো। ২০২৫ সালে রাশিয়ার উড়োজাহাজ সংস্থা অ্যারোফ্লোটের তথ্যভান্ডারেও হামলা চালিয়েছিল সাইলেন্ট ক্রো।
হ্যাকাররা রসস্ট্যাটের বৈদ্যুতিন নথি ব্যবস্থাপনা পদ্ধতি ও তথ্যভান্ডারে প্রবেশ করে। সেখানে আদমশুমারির উপাত্তসহ পরিসংখ্যান, অর্থনীতি ও ব্যক্তিগত তথ্যের প্রায় ২৩ টেরাবাইট উপাত্ত রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যম মেডুজা পরিসংখ্যানভিত্তিক ও মহামারিবিদ্যাগত বিশ্লেষণ প্রয়োগ করে জানিয়েছে, যুদ্ধে নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে রাশিয়ার অপূরণীয় ক্ষতির সংখ্যা অন্তত সাত লাখ ২০ হাজার। সংবাদমাধ্যমগুলোর মতে, নিখোঁজ সেনাদের মোট ক্ষয়ক্ষতির হিসাবে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা রয়েছে। কারণ, মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, নিখোঁজ সেনাদের ১০ শতাংশেরও কম ক্ষেত্রে তাদের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যাপক ব্যবহারের কারণে নিহত সেনাদের মরদেহ উদ্ধার করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া মৃত্যুর তথ্য সরকারি নথিতে নিবন্ধিত হতে গড়ে সাড়ে তিন মাস সময় লাগে। নিখোঁজ সেনাদের ক্ষেত্রে এ বিলম্ব প্রায় এক বছর বলে জানিয়েছে নোভায়া ইউরোপা।
ইনপোর্ট্যান্ট স্টোরিজ জানিয়েছে, নিহত রুশ সেনাদের ৯২ শতাংশের মৃত্যু হয়েছে বিস্ফোরণ ও গোলার স্প্লিন্টারের আঘাতে। আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন মাত্র ১ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, দ্য ইনসাইডার নিহত তিন লাখ ৭০ হাজারের বেশি সেনার নাম-পরিচয় শনাক্ত করেছে।
বিবিসি রুশ বিভাগ ও মিডিয়াজোনা জানিয়েছে, রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়ে অন্তত সাত হাজার ৪২১ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।
আত্মহত্যা ও মাদকাসক্তিতেও মৃত্যু
যুদ্ধের বাইরে অন্যান্য কারণেও রুশ সেনাদের মৃত্যু হয়েছে। সাংবাদিকদের বিশ্লেষণে দেখা গেছে, মদ্যপান, মাদক গ্রহণ ও আত্মহত্যার কারণে প্রায় দুই হাজার ৫০০ সেনার মৃত্যু হয়েছে।
গোপনীয় রসস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া ইউক্রেন অথবা এর সীমান্তবর্তী এলাকায় আরও ৮৮৫ সেনার মৃত্যুর কারণ হিসেবে ‘অনির্ধারিত উদ্দেশ্যে’ আগ্নেয়াস্ত্রের আঘাত উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, কিছু ক্ষেত্রে আত্মহত্যার ঘটনা আড়াল করতে এ ধরনের শ্রেণিবিন্যাস করা হয়েছে।
দুই হিসাব মিলিয়ে নিহতের সংখ্যা রাশিয়ার একটি পূর্ণাঙ্গ সামরিক রেজিমেন্টের সমান।
সামরিক বিশ্লেষকদের মতে, রুশ সেনাবাহিনীতে সহযোদ্ধা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তীব্র চাপ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন যুদ্ধক্ষেত্রে পাঠানোর ভয় এবং যুদ্ধ থেকে সরে আসতে কার্যত বাধা দেয় এমন চুক্তির কারণে এ সমস্যা আরও প্রকট হয়েছে।
মস্কোর চেয়ে দূরবর্তী অঞ্চলে প্রাণহানি বেশি
জনসংখ্যার অনুপাতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বেশি সেনা নিহত হয়েছেন দেশটির সুদূর পূর্বাঞ্চল ও সাইবেরিয়ায়।
সুদূর পূর্বাঞ্চলের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতি এক লাখ বাসিন্দার বিপরীতে প্রায় এক হাজার সেনা নিহত হয়েছেন। জাবাইকালস্ক অঞ্চলে এ সংখ্যা প্রায় ৮০০, চুকোটকায় ৭৬০ এবং তুভায় ৬৫০।
অন্যদিকে, যুদ্ধের দৃশ্যমান প্রভাব থেকে মস্কোকে দূরে রাখতে কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের মধ্যে রাজধানী মস্কোয় প্রতি এক লাখ বাসিন্দার বিপরীতে নিহতের সংখ্যা ৬৩ বলে জানিয়েছে ইনপোর্ট্যান্ট স্টোরিজ।
ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ বা স্বীকার করে না ক্রেমলিন। স্বাধীনভাবে নিহত সেনাদের সংখ্যা নিরূপণের কাজ বাধাগ্রস্ত করতে দেশটির কর্তৃপক্ষ সরকারি তথ্যভান্ডারে প্রবেশাধিকার সীমিত করেছে এবং এ ধরনের হিসাব তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার ১৬ লাখ ৩৯ হাজার ৬৪১ সেনা হতাহত হয়েছেন। এ হিসাবের মধ্যে নিহত ও আহত উভয় সেনা রয়েছেন। তবে স্বাধীনভাবে এ সংখ্যা যাচাই করা যায়নি।
অক্টোবরের শেষ দিকে প্রকাশিত এক গবেষণায় দ্য ইকোনমিস্ট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তিন লাখ ৭৪ হাজার থেকে সাত লাখ ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহতদেরসহ মোট হতাহতের সংখ্যা ১৪ লাখ থেকে ২১ লাখের মধ্যে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, চলতি বছরের অক্টোবর ছিল ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস।
দ্য ইনসাইডারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বসন্তে পোকরোভস্ক অভিমুখে লড়াইয়ের সময় রুশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। ওই তিন মাসে ৬১ হাজারের বেশি রুশ সেনা নিহত হন।
সূত্র: ইউরোনিউজ
