বছরের পর বছর টয়োটার গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে ব্যবসা চালিয়ে এসেছে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাস্টার’। কিন্তু চীনের তীব্র প্রতিযোগিতায় দেশের গাড়ি শিল্প চাপের মুখে পড়ায় প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন সম্ভাবনা খুঁজে নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে অ্যাস্টারের তৈরি ইলেকট্রিক মোটর যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলে নির্মিত ড্রোনে ব্যবহৃত হচ্ছে এবং গত বছর এই খাতে যুক্ত হওয়ার পর থেকেই প্রতিরক্ষা কাজ থেকে তাদের আয়ের পরিমাণ মোট আয়ের এক-দশমাংশে পৌঁছেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় সামরিক শক্তিবৃদ্ধি কর্মসূচিতে দেশের গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের যুক্ত করতে টোকিওর উদ্যোগের অংশ হিসেবেই অ্যাস্টারের এই রূপান্তর ঘটেছে। সরকারি কর্মকর্তা, কোম্পানির নির্বাহী এবং প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভার এক উপদেষ্টাসহ ৯ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের হুমকি মোকাবিলায় বিদ্যমান শিল্প সরবরাহ ব্যবস্থা কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো দ্রুত শক্তিশালী করতে চায় তাকাইচি সরকার; প্রধান নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্রও মিত্রদের সামরিক ব্যয় বাড়াতে চাপ দিচ্ছে।

গাড়ি শিল্পে মন্দা ও প্রতিরক্ষা খাতে সরকারের সহায়তা
এই সামরিক প্রস্তুতি জাপানের একসময়ের বিশ্বসেরা গাড়ি শিল্পের জন্য বিকল্প আয়ের পথও খুলে দিচ্ছে। জাপান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জাপানের কারখানাগুলোতে এক দশক আগের তুলনায় প্রায় ৯ লাখ কম গাড়ি তৈরি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় কার্যক্রম তদারকি করা সংস্থা ‘অ্যাকুইজিশন, টেকনোলজি অ্যান্ড লজিস্টিকস এজেন্সি’ অ্যাস্টারের মতো সরবরাহকারীদের মূল্যায়ন করছে, অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করছে এবং নতুন তহবিলের ব্যবস্থা করছে।
মন্ত্রিসভার উপদেষ্টা কোকো কাতো জানান, প্রতিরক্ষা ও গাড়ি শিল্পের মধ্যে সমন্বয় থাকলে গাড়ি নির্মাতাদের সেই সুযোগ নেয়া উচিত; গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে পরিবর্তন এনে গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের প্রতিরক্ষা ও অন্যান্য খাতে বৈচিত্র্য আনতে সহায়তার বিষয়টি তিনি দেখছিলেন।
এটিএলএ জানিয়েছে, প্রতিরক্ষা শিল্পে আসতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য তারা যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করছে এবং অন্যান্য দপ্তরের সঙ্গে মিলে নতুন প্রতিষ্ঠানকে উৎসাহিত করবে। তবে তাকাইচির দপ্তর এ বিষয়ে মন্তব্য করেনি।

উৎপাদন দক্ষতা ও ড্রোন তৈরির দৌড়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেঙে দেওয়া অস্ত্র শিল্প পুনরুজ্জীবিত করার রূপরেখাসহ বছরের শেষ নাগাদ নতুন নিরাপত্তা কৌশল ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছে তাকাইচি সরকার। গাড়ি শিল্পে মন্দা সত্ত্বেও জাপান এখনো বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদক দেশ- বছরে ৮০ লাখের বেশি গাড়ি তৈরি হয়, প্রতি ১০টি চাকরির একটি এই খাতে এবং প্রায় ৭০ হাজার প্রতিষ্ঠান নানা যন্ত্রাংশ বানায়। স্টেলান্টিস জাপানের সাবেক সিইও ও অটো শিল্পের উপদেষ্টা পন্টুস হ্যাগস্ট্রম বলেন, গাড়ি নির্মাণে ব্যবহৃত নির্ভুলতা, ইলেকট্রনিক্স উৎপাদন ও মান নিয়ন্ত্রণের দক্ষতা অস্ত্র উৎপাদনেও কাজে লাগে এবং এই খাত বড় পরিসরে নির্ভরযোগ্যভাবে জটিল পণ্য বানাতে জানে।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কমে যাওয়ায় দেশীয় উৎপাদনের ওপর জাপানের নির্ভরতার যুক্তি আরও জোরালো হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির প্রায় এক-দশমাংশের গন্তব্য ছিল জাপান। গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ নির্মাতা কিয়োওয়া ইন্ডাস্ট্রিয়ালের সিইও হিরোকো সুজুকি জানান, প্রোটোটাইপ ড্রোন ইঞ্জিনের ক্রয়াদেশ বাড়ছে এবং তাদের বার্ষিক বিক্রির ১০ শতাংশ এখন প্রতিরক্ষা খাত থেকে আসছে, যা ২০২৫ সালের বসন্তে ছিল ৩ শতাংশ।

গত অক্টোবরে নতুন সামরিক প্রযুক্তি উন্নয়ন ও পরীক্ষার জন্য তহবিল কর্মসূচি চালু করা এটিএলএ মানহীন আকাশযান বা ড্রোনের যন্ত্রাংশ তৈরিতে গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের উৎসাহিত করছে। গত বছর জাপান মাত্র ১ হাজার ১০০-এর সামান্য বেশি ড্রোন রপ্তানি করেছে, যেখানে প্রতিবেশী তাইওয়ান বিদেশে বিক্রি করেছে প্রায় ১ লাখ ২৩ হাজার ড্রোন। বাজেট পরিকল্পনায় ড্রোন খাতের ব্যয় সুরক্ষিত রাখা হতে পারে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান টেরা ড্রোনের সিইও তোরু তোকুশিগে জানান, রেসিং কারের যন্ত্রাংশ নির্মাতা কাজ ছোট গ্যাসোলিনচালিত উড়োজাহাজ ইঞ্জিন তৈরি করেছে এবং এটিএলএ তাদের পরিচয় করিয়ে দিয়েছে; কাজ জানিয়েছে, তারা সামরিক ড্রোনের ইঞ্জিন উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে।
ওটা শহরের ড্রোন স্টার্টআপ ইশিকাওয়া এনার্জি রিসার্চের প্রতিষ্ঠাতা মিতসুরু ইশিকাওয়া জানান, কৃষিকাজে ব্যবহৃত হলেও তাঁদের গ্যাসোলিনচালিত ড্রোন ভারী প্রতিরক্ষা সরঞ্জাম বহন বা দীর্ঘপাল্লার সামরিক নজরদারিতে ব্যবহার করা সম্ভব এবং এর ৫০ শতাংশের বেশি যন্ত্রাংশ আসছে স্থানীয় গাড়ি সরবরাহ শৃঙ্খল থেকে। সুবারু দীর্ঘদিন ধরেই জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের জন্য সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার তৈরি করছে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা চাহিদা বাড়বে বলে আশা করছে।

যুদ্ধোত্তর শান্তিবাদ ও বড় নির্মাতাদের সতর্কতা
প্রতিরক্ষা খাতে এই রূপান্তর আপাতত ছোট যন্ত্রাংশ নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ। জাপানের শীর্ষ তিন গাড়ি নির্মাতা টয়োটা, হোন্ডা ও নিসান, এ খাতে ঝুঁকতে খুব একটা আগ্রহ দেখায়নি; চীনে তাদের বড় ব্যবসা রয়েছে এবং চীন জাপানের সামরিক শক্তিবৃদ্ধির সমালোচনা করছে, পাশাপাশি সুনামের ঝুঁকি নিয়েও তারা সতর্ক। টয়োটার জ্যেষ্ঠ নির্বাহী হিরোয়ুকি উয়েদা জানান, এই মুহূর্তে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো কিছু না করার মৌলিক অবস্থান নিয়েছে কোম্পানি; হোন্ডা জানিয়েছে এ খাতে প্রবেশের নির্দিষ্ট পরিকল্পনা নেই এবং নিসান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মিতসুবিশি ইলেকট্রিকের প্রধান আর্থিক কর্মকর্তা কেনিচিরো ফুজিমোতো জানান, নতুন সামরিক ড্রোন উদ্যোগে যোগাযোগ করা হলে কয়েকটি গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান মূল ক্রেতাদের অসন্তুষ্ট হওয়ার ভয়ে সাড়া দেয়নি। অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বরে ইয়োকোতের কারখানায় প্রায় ১০০ কর্মীকে অ্যান্ডুরিলের জন্য মোটর বানানোর কথা জানালে অ্যাস্টারের সিইও তাকেয়োবু হঙ্গো উদ্বেগে থাকলেও কর্মীরা বরং ইতিবাচক সাড়া দেন। হঙ্গোর মতে, প্রতিরক্ষা খাতের বাণিজ্যিক সুযোগ এবং জাপানের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে ক্রমবর্ধমান জনসচেতনতার কারণে আরও অনেক প্রতিষ্ঠান এই খাতে যুক্ত হবে।
তথ্যসূত্র: রয়টার্স
