লোকসভার স্পিকার হতে চান নাইডু

লোকসভা ও বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) অসাধারণ সাফল্যের পর দলীয় প্রধান চন্দ্রবাবু নাইডু বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সঙ্গেই থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে টিডিপির সহায়তায় বিজেপি যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে নাইডু স্পিকার হওয়ার জন্য নিজের দাবি তুলে ধরবেন বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে, এনডিএ বিরোধী জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের কেউ এখনো সরকার গঠনের বিষয়ে নাইডুর সঙ্গে যোগাযোগ করেননি। তবে ইন্ডিয়া ব্লকের সমমনা কাউকে টিডিপি প্রধানের কাছে পাঠানো হতে পারে বলে আলোচনা রয়েছে। 

ভোটের পর বুধবার সরকার গঠনের বিষয়ে বৈঠক ডেকেছে এনডিএ জোট। দিল্লির সেই বৈঠকে যোগ দেওয়ার আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সাংবাদিকদের নাইডু বলেন, আমি অভিজ্ঞ এবং এই দেশে বেশ কয়েকটি রাজনৈতিক পরিবর্তন দেখেছি। আমরা এনডিএতে আছি এবং আমি দিল্লিতে যাচ্ছি। 

তিনবারের সাবেক এই মুখ্যমন্ত্রী তিনি বলেন, রাজনীতিতে উত্থান-পতন সাধারণ। ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা ও দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। দেশে এমন একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, যাতে বিদেশ থেকে ভোটাররা তাদের ভোট দিতে তাদের নিজ শহরে ফিরে এসেছেন। 

naidu nitish

কংগ্রেসের একসময়ের মিত্র নাইডু ও নীতীশের দল এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে লড়ছে। তবে তাদের দুইজনের দল এমন পরিমাণ আসন পেয়েছেন যে, যারাই সরকার গঠন করতে চাইবেন তাদেরকেই প্রয়োজন হবে নাইডু আর নীতীশের।

ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২ আসন, আর ইন্ডিয়া ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি পেয়েছে ২৪০ আসন। নাইডুর টিডিপি ১৬ এবং নীতীশের জেডিইউ ১২ আসন পেয়েছে। 

এখন কোনো কারণে নাইডু ও নীতিশের দলের ২৮ আসনের সমর্থন না পেলে বিজেপি সরকার গঠন করতে পারবে না। আবার কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে এবং আরও কয়েকজনকে ভেড়াতে পারলে ইন্ডিয়া ব্লক সরকার গঠন করতে পারবে। 

তাই স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে নাইডু ও নীতীশ। আর এনডিএর কাছ থেকে এই দুই নেতা ছাড়াও বড় দুই জোটের বাইরে যে ১৭ জন আসন পেয়েছেন তাদেরকেও কংগ্রেসের জোটে আনার জন্য পোড় খাওয়া কয়েকজন রাজনীতিবিদ মাঠে নেমে পড়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।

তবে চন্দ্রবাবু নাইডু এখনই বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ছেড়ে যাচ্ছেন না বলে এদিনের সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন। রাজ্যে জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিজেপি এসে আমাদের সাথে যোগ দিলো এবং আমরা সবাই এই জয়ের জন্য একসাথে কাজ করেছি।