ভারতের নয়ডার ভয়াবহ আগুন এক মৃত্যু, পুড়ে ছাই পাঁচ দোকান

ভারতের উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১২৫ এলাকায় শনিবার বিকেলে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাইপুর এলাকার কমপক্ষে পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়লে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একাধিক ভিডিওতে দেখা যায়, এলাকাটি ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে আশপাশের রাস্তা খালি করে দিচ্ছে।

নয়ডা শহর পুলিশের দেওয়া তথ্যমতে, সেক্টর ১২৬ থানা এলাকার রাইপুরে রাস্তার পাশে থাকা চা ও নাশতার পাঁচটি অস্থায়ী দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আশপাশের দোকানগুলো খালি করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা জানান, দুর্ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনাস্থলে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং আগুনে আর কেউ আটকে পড়েছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি