তৃতীয় দফার ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৮ নভেম্বর হলেও, এরিমধ্যে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের প্রচার। বাড়ছে সহিংসতা, আসছে প্রাণহানীর খবর। সংঘাতের মধ্যেই চলছে প্রচার। 

গেলো ২৪ ঘন্টাতেই সহিংতায় মারা গেছেন একজন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নেত্রকোণায় সংঘাতের মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচার। 

রোববার (২১ নভেম্বর) সহিংসতা বড় খবরটি এসেছে মুন্সিগঞ্জ থেকে। সেখানকার সদরের চরকেওয়ার ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় প্রাণ দিয়েছেন একজন।

ঘটনা বিবরণে জানা যায়, রাত আটটার দিকে এই ইউনিয়নের খাসকান্দি গ্রামে নৌকা প্রার্থীর সমর্থক আব্দুল হকের বাড়িতে আকস্মিক হামলা হয়। 

বাড়ির লোকজনের অভিযোগ, বিদ্রোহী প্রার্থীর সমর্থক মামুন তার লোকজন নিয়ে বাড়িতে ককটেল ফাটিয়ে আব্দুল হককে গলা টিপে হত্যা করে। এ সময় আশেপাশের ৪০টি বাড়ি ভাংচুর করা হয়। 

তবে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ককটেলের শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে আব্দুল হকের মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

হামলাকারীরা গুলিবর্ষণ করলে নৌকার সমর্থক শরীফ, সাইফুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২২ নভেম্বর) সকালেও ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এরপর থেকে ভয়ে শুধু পুরুষরাই নন নারী ও শিশুরাও বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮৯ জন হাসপাতালে

এদিকে, এঘটনার পর বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান জীবনকে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

নেত্রকোণার তিন উপজেলার ইউপি নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাত সংঘর্ষ। চেয়ারম্যান পদে বিজয়ী হতে বেশিরভাগ ইউনিয়নেই অনেকটা মারমুখি অবস্থানে প্রার্থীরা।

গেল শনিবার জেলার কলমাকান্দার রংছাতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নানা সংঘাতের অভিযোগ করেছেন নৌকার প্রার্থী। এর জন্যে তিনি দায়ী করেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের।

সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বাড়িঘরে হামলার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী। 

এদিকে দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে তিন নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


একাত্তর/আরএইচ