বাংলাদেশে গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের
(র্যাব) সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১০ ডিসেম্বর) মার্কিন অর্থ দপ্তরের ‘ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস’ (ওএফএসি) বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সেই তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ র্যাবের আরও পাঁচজন কর্মকর্তার নাম রয়েছে।
এই পাঁচজন হলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) আনোয়ার লতিফ খান।
আমেরিকার অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ১০ প্রতিষ্ঠান এবং ১৫ ব্যক্তি মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট।
এর ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন।
আরও পড়ুন: মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়া হয়নি
আর র্যাবও প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে যেসব সহযোগিতা পাচ্ছিলো সেগুলো বাতিল হতে পারে।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে বলেছেন, তারা এখনো আমেরিকার অর্থ দপ্তরের প্রতিবেদন দেখেননি এবং দেখার পর তাদের প্রতিক্রিয়া জানাবেন।
একাত্তর/আরবিএস