দেশের ৬০ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন

করোনা মহামারির বিস্তার রোধে এখনো পর্যন্ত দেশে প্রথম ডোজ করোনা টিকা দেয়া হয়েছে ৭ কোটি মানুষকে। যা শতকরা হিসেবে প্রায় ৬০ ভাগ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ।

জাহিদ মালেক বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট সরকারের। এখন পর্যন্ত দেয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশেও ধরা পড়েছে। তিনি বলেন, এখনো অনেকেই মাস্ক পরেননা। সেই সাথে যথাযথভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধিও। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ৬০ বছরের অধিক বয়সের নাগরিকরা এবং করোনার সম্মুখ সারির যোদ্ধারা করোনা টিকার দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার জন্য সুরক্ষা অ্যাপসকে হালনাগাদ করা এখনো সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে।

আরও পড়ুন: দুই ডোজের টিকা কার্ড নিয়ে গেলেই মিলবে বুস্টার ডোজ

মন্ত্রী বলেন, বাংলাদেশে থেকে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ, প্রধানমন্ত্রীর সফরে চুক্তি করবে দুই দেশ। আপাতত ওমিক্রন থেকে মুক্তির জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


একাত্তর/আরএ