শপথ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে নির্বাচন কমিশন।
রোববার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এসব কথা জানান।
বিকেল চারটার দিকে প্রধান নির্বাচন কমিশনারের জন্য বরাদ্দ করা গাড়িতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এসে পৌছান সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর আসেন অন্য কমিশনাররা।
এরপর সাড়ে চারটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুরু হয় শপথের আনুষ্ঠনিকতা। শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার।
শপথের প্রায় এক ঘন্টা পর প্রধান নির্বাচন কমিশনার মুখোমুখি হন গনমাধ্যমের। বলেন, শপথের প্রতি আনুগত্য রেখেই দায়িত্ব পালন করবেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, সেটা স্থানীয় বা জাতীয় যে কোনো নির্বাচনই হোক। কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না, মোকাবিলা করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব যে শুধু ইসির নয়, সেটা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কমিশনও সবার সহযোগিতা আদায় করে নেবে।
বিএনপিকে ভোটের মাঠে ফিরিয়ে আনতে কি করবেন এই প্রশ্নের জবাব দিতে রাজী হননি নতুন সিইসি। তবে আগামী নির্বাচনে সকলকে নিয়ে কাজ করার আশা করেন নতুন সিইসি।
ইসিতে দায়িত্ব পালনে সহকর্মী হিসেবে হাবিবুল আউয়াল পাচ্ছেন সাবেক জজ রাশেদা সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা আহসান হাবীব খান, সাবেক সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
নতুন সিইসি বলেন, সমন্বিতভাবে সহকর্মীদের সঙ্গে বসে ঐকমত্য পোষণ করে সিদ্ধান্ত নেব। আশা করি, সবার সহায়তা নিয়ে যারা স্টেকহোল্ডার তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এগোবো।
রোববার শপথ নেয়ার পর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও সোমবার নির্বাচন ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে কাজী হাবিবের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন।
একাত্তর/ এনএ