ঈদের আগে পদ্মা সেতুতে বাইক চলার সম্ভাবনা কম

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার বিষয়ে কী সিদ্ধান্ত- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে ওনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে কৃত্রিম বৃদ্ধিমত্তার ক্যামেরা বসবে, স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর ওনারা সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।

ঈদের আগে সেতুেত বাইক চালু হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট। ঈদের আগে মনে হয় না।

আরও পড়ুন: শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন ধর্ষণ মামলার আসামি শিক্ষক

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন ভোর থেকে সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এরপর সেতু পার হওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি। ওই দিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হন, পরে তারা হাসপাতালে মারা যান। পরে ২৭ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।


একাত্তর/এসি