জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার (৮ জুলাই) এক শোক বার্তায় তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে সিদ্দিক বলেন, জাপানের মতো শান্তি প্রিয় দেশে এ ধরনের সহিংস ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। জাপানের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন নেতা ও উদার রাজনীতিবিদ শিনজো আবের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
২০১৪ সালে স্ত্রীসহ জাপানের সাবেক প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরের কথা উল্লেখ করে এ শিক্ষাবিদ বলেন, অ্যাবে তার স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শন করেন এবং শিল্পী, বুদ্ধিজীবী ও শিক্ষকদের শুভেচ্ছা জানান।
সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ব্যক্তিগত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য জাপানী প্রতিষ্ঠানগুলির মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।
আরও পড়ুন: ছবিতে শিনজো আবের মৃত্যুর আগের সেই মুহূর্তগুলো
দ্রুততম সময়ের মধ্যে অ্যাবে হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক সিদ্দিক।
একাত্তর/এসি