চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দিযেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চা শিল্পকে রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। একই সঙ্গে চা শিল্প যেন ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চা শ্রমিকসহ ভ্যালি নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় মজুরি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমিকরা। পাশাপাশি তুলে ধরেন তাদের জীবনের নানা সুবিধা-অসুবিধার কথা।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে টানা ১৯ দিন আন্দোলনের পর গত ২৮ আগস্ট চা-বাগানে কাজে যোগ দেন শ্রমিকরা। তার আগে ২৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগান মালিকদের সঙ্গে বসে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোঁড়া দুই গোলা পড়লো বাংলাদেশে
তবে চা-শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
একাত্তর/এসি