আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষভাবে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পূজামণ্ডপে এবার ২৪ ঘণ্টাই আনসারবাহিনী দায়িত্ব পালন করবে।
রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এবছর গত বারের চেয়ে বেশি সংখ্যক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দেশের ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হতে যাচ্ছে।
তিনি জানান, এবছর পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতও থাকবে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে। যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেন যারা
পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেশে পূজা, বড়দিন, বৌদ্ধপূর্ণিমা, ঈদ উদযাপন হবে না- এটি কখনও করতে দেওয়া হবে না।
একাত্তর/এসি