জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার তিনি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহার ঝুঁকিপূর্ণ হবে। সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় লকডাউনের সুপারিশ এসেছে। সীমান্ত বিধিনিষেধ আরও ১৪ দিন বেড়েছে।

বিধিনিষেধ একবারে স্থগিত নাকি ধাপে ধাপে করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সেটি বাস্তবতা বুঝে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: ঢাকা থেকে পালিয়ে চাঁপাইতে করোনা রোগী, আটকের পর আইসোলেশনে

প্রসঙ্গত, চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার মধ্যরাত থেকে দেশে চলমান বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানো হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বলবত থাকবে।

রোববার (৩০ মে) মন্ত্রীপরিষদ বিভাগের উপ সচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতবার (২৪ মে)  ‘লকডাউন’ বৃদ্ধির সময় থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুমতি দেয়া হয়। এবারের ‘লকডাউনে’ও চলাচল করবে গণপরিবহণ। তবে অর্ধেক আসন খালি রাখতে হবে এসব পরিবহনে।

প্রজ্ঞাপনে অনুসারে হোটেল, রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি মেনে (দুই আসনে একজন) চালু রাখা যাবে। সরকারি ও বেসরকারি অফিস-আদালতের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

একাত্তর/এসি