ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ৪০ জন বিশ্বনেতার আবেদন ‘খুব বেশি গুরুত্বপূর্ণ নয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ভারতে জি-২০ সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং বিশ্ব তা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী নারী এবং এই সব লোকেরা তাকে মাইনাস করার মিশনে রয়েছে, যাতে এখানে অস্থিতিশীলতা তৈরি হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠিতে বিশ্ব নেতারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের ‘সুস্থতার জন্য গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। চিঠিটি ২০২৩ সালের ৭ মার্চ (মঙ্গলবার) ওয়াশিংটন পোস্টে একটি পূর্ণ-পৃষ্ঠার বিজ্ঞাপন হিসেবে প্রকাশ হয়েছিলো।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় নয়াদিল্লিতে তার ব্যস্ততার কথা তুলে ধরে আব্দুল মোমেন বলেন, আমরা খুবই সন্তুষ্ট। ভারত খুব ভালো এবং অনন্য কাজ করেছে। বাংলাদেশ জি-২০ কে জানিয়েছে, আমরা একটি শান্তিপ্রিয় দেশ। আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। এই যুদ্ধ বন্ধ করুন। দরিদ্র মানুষ ও দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মোমেন বলেন, তিনি তার ভারতীয় সমকক্ষ এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়গুলোও উত্থাপন করেছেন। আমরা সীমান্ত ইস্যুতে তাদের অঙ্গীকার রাখতে বলেছি। ভারত বাংলাদেশে ডিজেল পাঠাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ মার্চ এর উদ্বোধন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুর মোমেন।
একাত্তর/আরএ