সাত এপ্রিল পূর্ণ হচ্ছে জাতীয় সংসদের ৫০ বছর। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালের জাতীয় সংসদের যাত্রা শুরু হয়।
এ বছর সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। তাই ছয় এপ্রিলে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বসছে বিশেষ অধিবেশন।
১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম জাতীয় সংসদের ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর এক মাস পরে ৭ এপ্রিল শুরু হয় জাতীয় সংসদের যাত্রা।
প্রথম অধিবেশনটি তেজগাঁওয়ে তৎকালীন জাতীয় সংসদে। প্রথম জাতীয় সংসদের নেতা হন তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেই হিসেবে আসছে সাত এপ্রিল ৫০ বছর পূর্ণ করছে বাংলাদেশ জাতীয় সংসদ। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু লুই কানের নকশায় বর্তমান জাতীয় সংসদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার নির্দেশ দেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকারের সভাপতিত্বে বসবে এই বিশেষ অধিবেশন।
৭ এপ্রিল ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৫০ বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে নানা আয়োজনের কথা জানিয়েছেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। এই হিসেবে এবার সংসদ সুবর্ণজয়ন্তী পালন করছে।
এ উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন (শুক্রবার) বিকাল তিন টায় বসবে সংসদের বৈঠক।
এই বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে হয়তো সংসদের শেষ ভাষণ। ২৩ এপ্রিল তাঁর দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন।
এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন। পরে দুইদিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
এমন একটা সময় সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে যখন স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতা ও বিরোধী দলীয় নেতা সবাই নারী। যাকে এক অনন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন স্পিকার।
আরও পড়ুন: ইউএনও'র ক্ষমতা কমিয়ে দেয়া হাইকোর্টের রায় স্থগিত
এর আগে ২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিলো।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
বর্তমানে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ চলমান। চলতি বছরের শেষ বা নতুন বছরে শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে দ্বাদশ সংসদ।
একাত্তর/এসজে