ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।
শোক প্রস্তাবে স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরাইলি দখলদার বাহিনীর চালানো সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
গত ৭ অক্টোবর থেকে হামাসের ঝটিকা হামলার জবাবে গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না।
ইসরাইলি হামলায় গাজায় চার হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একের বেশি শিশুর মৃত্যু ঘটছে গাজায়।
এছাড়াও মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানায় সংসদ।