জলোচ্ছ্বাস হতে পারে যে আট জেলায়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি ইতোমধ্যে বাংলাদেশের উপকূলে পৌঁছে গেছে। পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা সমুদ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি।

সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করবে বলে আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশ এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে বাতাসের একটানা ঘূর্ণন গতি রয়েছে ৬২ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

মিধিলির প্রভাবে দেশের আট জেলায় তিন থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব জেলার উপকূলীয় এলাকাসহ অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত চলছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।  

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রবল বর্ষণের মধ্যে শুক্রবার ভোররাতে কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।