একদিন পরই প্রার্থিতা ফিরে পেলেন ঈগলের পবন

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের একদিন পরই আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন।

তার প্রার্থিতা বাতিলে ইসির চিঠির কার্যক্রম বুধবার স্থগিত করেছে হাইকোর্ট। প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় নির্বাচন বিধি মেনে চলতে হাবিবুর রহমানকে নির্দেশ দেওয়া হয়। 

উচ্চ আদালতের আদেশের ফলে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পবনের বাধা ছুটলো। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পবনের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাত।

বিকেলে পবন তার ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, ‘অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেলাম।’ 

ডিসি-এসপিকে হুমকি ও ভয়ভীতি দেখানোর দায়ে মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় নেমে কারো প্রার্থিতা বাতিলের ঘটনা এটাই প্রথম।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

গত শনিবার লক্ষ্মীপুরের ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলির হুমকি দেন পবন।

ওইদিনই তার বিরুদ্ধে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ আনেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান।