দেশব্যাপী দ্বিতীয়বারের মত করোনার টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২৯৩ জনকে।
মূলত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা যারা পাননি তাদের। এই টিকার প্রথম ডোজ পেয়েছিলেন ৫৮ লক্ষ ২০ হাজার ৩৩ জন। অদ্যবধি দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৪২ লক্ষ ৯৫ হাজার ৮৬১ জন। দ্বিতীয়বার টিকা দান শুরু হবার পর টিকা পাওয়া ২৯৩ জনের ভেতর ২১৯ জন পুরুষ আর ৭৪ জন নারী।
এদিকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। অদ্যবধি প্রথম ডোজ পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ জন। দ্বিতীয়বার টিকা দেওয়া শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা পেয়েছেন ৬ হাজার ৭১৪ জন। টিকা প্রাপ্তদের ভেতর ৫ হাজার ৯৭৮ জন পুরুষ আর ৭৩৬ জন নারী।
সিনোফার্মের টিকা অদ্যবধি পেয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ১৬ জন। দ্বিতীয়বার টিকাদান শুরু হবার পর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৬৩ জনকে, যাদের ভেতর ৬৩ হাজার ৪৬৪ জন পুরুষ আর ৪১ হাজার ২৯৯ জন নারী।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে শুরু হবে মডার্নার টিকা প্রয়োগ
মডার্নার টিকার প্রথম ডোজ এখন পর্যন্ত পেয়েছন ২৬ হাজার ৬৯০ জন, টিকা প্রাপ্তদের ভেতর ১৬ হাজার ৮৩ জন পুরুষ আর ১০ হাজার ৬০৭ জন নারী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথ পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক তথ্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য আজ থেকেই সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে শুরু হয়েছে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ। ১১ জুলাই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে যায় বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে ৭ জুলাই থেকে শুরু হয় বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচী। চলতি মাসেই ৫০ হাজারসহ গেল ছয় মাসের নিবন্ধিত আড়াই লাখ প্রবাসীর তথ্য এরই মধ্যে জমা হয়েছে সুরক্ষা অ্যাপে, যাতে সহজেই টিকা পান প্রবাসীরা, আরও পড়ুন।
একাত্তর/এআর