দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মনোনয়নের সিদ্ধান্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
রোববার রাতে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক শেষে কয়েকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
নির্বাচনে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র প্রার্থীরা ১০ জনকে মনোনয়ন দিতে পারবেন।
ফরিদপুর-৩ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলে এসেছি, যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন। যারা সংসদে জনগণের জন্য ভূমিকা রাখতে পারবেন এমন কাউকে আপনি মনোনয়ন দেবেন। এটা আমরা নিজে থেকে বলে এসেছি। যাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ এখানে এসেছে, সেসব পরিবারকে স্বীকৃতিস্বরূপ সংরক্ষিত নারী আসন দিতে আমরা অনুরোধ করেছি।
স্বতন্ত্র সংসদ সদস্যরা দলের সাংগঠনিক কাজে জড়িত থাকতে পারবে কি না– জবাবে এই সংসদ সদস্য বলেন, অবশ্যই তারা জড়িত থাকতে পারবেন। কারণ তারা সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপালন করছেন। সুতরাং এটাতে কোনো বাধা নেই।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, এখানে যারা উপস্থিত ছিলেন প্রায় সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের গায়ে যদি এখনো স্বতন্ত্রের সিল লেগে থাকে, তাহলে দলের পদে থেকে কাজ করতে আমাদের অসুবিধা হবে এবং এখনো হচ্ছে। মানুষ বিভিন্ন কথা বলছে। সেক্ষেত্রে আপনার (প্রধানমন্ত্রী) মতামত কী হবে? জবাবে তিনি বলেছেন, দলীয় সংসদ সদস্যরা যতটুকু কথা বলতে পারবেন, তার চেয়ে আমরা বেশি কথা বলার সুযোগ পাব।
সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা মনে করি, আমরা আওয়ামী লীগে যাচ্ছি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদে ভূমিকা পালন করবো।
তিনি বলেন, আমাদের স্বতন্ত্র সংসদ সদস্যদের অনুকূলে প্রাপ্য সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিয়েছি। সংরক্ষিত আসনের বিষয়ে আমরা আগামীকালই স্বাক্ষর করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে কাগজ জমা দেবো। দলের হয়ে পরে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
নাটোর-১ আসনের আবুল কালাম আজাদ বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাবো। সংরক্ষিত আসন নিয়ে আলোচনা হয়েছে। অনেকেই এর সিদ্ধান্ত নেত্রীর ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করিনি। আগামীকাল এটা চূড়ান্ত হবে।
হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আমরা স্বতন্ত্র এমপিরা সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি।
স্বতন্ত্র সংসদ সদেস্যদের বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সংবাদিকদের বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশ সংখ্যক স্বতন্ত্র আসনের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দলীয় প্রার্থীদের হারিয়ে ৬২ জন স্বতন্ত্র এবারের জাতীয় সংসদের চেহারা পাল্টে দিয়েছেন। ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়ে এতে। কে হবে বিরোধী দল? কে হবেন বিরোধী দলীয় নেতা এই প্রশ্ন ঘুরছিলো নানা অঙ্গনে। জাতীয় পার্টি শুরু থেকেই বলছিলো, তারা সংসদে বিরোধী আসনেই বসবে।
তবে, রোববার বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্পিকারের স্বীকৃতি পাওয়ার সেই জল্পনার অবসান ঘটে।
দ্বাদশ সংসদের ২০ শতাংশই স্বতন্ত্র এমপি। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার দলের নেতারাই স্বতন্ত্র নির্বাচনের গ্রিন সিগন্যাল পান। ভোটের মাঠে ১৫০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নৌকা আর লাঙ্গলের বিরুদ্ধে নির্বাচন করেছেন।