বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড়

কঠোর বিধিনিষেধ শেষ হবার পর প্রথম দিনেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরপরই টার্মিনাল থেকে যাত্রী বোঝাই করে বের হয়ে যাচ্ছে আন্তঃজেলার বাস।

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আট দিনের জন্য লকডাউন শিথিল করেছে সরকার। আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। তার দুইদিন পর ২৩ জুলাই থেকে ফের লকডাউন শুরু হবে।

পরিবহন মালিকরা জানিয়েছেন, মহাখালী বাস টার্মিনাল থেকে দিনে চার শতাধিক বাস বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, বৃহত্তর ময়মনসিংহ তথা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল জেলায় চলাচল করে থাকে। এছাড়া ওই টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহসহ সিলেটে আরও দেড় শতাধিক বাস যাত্রী পরিবহন করে থাকে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, টার্মিনালগুলো থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি দিয়ে টিকিট কাটছেন যাত্রীরা। প্রতিটি বাসে এক আসন ফাঁকা রেখেই যাত্রীরা বসছেন। এক-দুই মিনিট পরপর টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে। 

মহাখালী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি শওকত আলী বাবুল জানান, টার্মিনালে পর্যাপ্ত বাস রয়েছে।


একাত্তর/এআর