স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতা প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ এবং একইসঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবেও দেশটির সঙ্গে অগ্রগতিমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবেন। সাইবার নিরাপত্তায়ও ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও অ্যানিমেশন চলচ্চিত্র বানাতে সহযোগিতা করতেও দেশটি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
তাদের সব প্রস্তাব বাংলাদেশ বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।