পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোম্পানি হচ্ছে

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর নাম দেওয়া হয়েছে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি’। 

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। এই কোম্পানির মূলধন হবে এক হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

২০২২ সালে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (‌বি‌বিএ) এই কোম্পানি গঠনের প্রস্তাব দেয়। মেট্রোরেল পরিচালনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যেভাবে কাজ করছে, এই কোম্পানিও একইভাবে কাজ করবে।

২০২২ সালের ২৫ জুন প্রমত্ত পদ্মা নদীর ওপর নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প‌রদিন থে‌কে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। বর্তমানে সেতু কর্তৃপক্ষের মাধ্যমে পদ্মা সেতুর সব কার্যক্রম পরিচালনা করা হ‌চ্ছে।

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। আর এ নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।