আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের পর্যবেক্ষণে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে কঠোর ভাবে বাংলাদেশের আইন মানতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার শুনানি ও আদেশের দিন ধার্য ছিলো। কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় সেদিন শুনানি হয়নি।
গত বুধবারও গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়নি। ওই দিন থেকে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।
গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়।
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন পীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।