আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে সহিংসতার মধ্যে বাড়িঘর ও মন্দির ভাঙচুর এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
সোমবার সচিবালয় সাংবাদিকদের তিনি বলেন, এখন আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বা অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করছি।
উপদেষ্টা বলেন, আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় আক্রমণ হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে। আগেও ছিল এখনো আছে, আগামীতেও থাকবে।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনবো।
'আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারি সেই বিষয়ে আমরা কালকে সিদ্ধান্ত নেবো,' যোগ করেন তিনি।