বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন। রিমান্ড আবেদনের সময় প্রভাবশালী দুই আসামির হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী।
আদালত সূত্রে জানা গেছে, এসময় কয়েকজন আইনজীবী এই দুইজনের পক্ষে ওকালতনামা জমা দিতে গেলে তারা অন্য আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে তারা আদালত চত্বর ছেড়ে চলে যান।
এর আগে বুধবার সন্ধ্যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নেয়া হয়। এসময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ চলে বিক্ষোভ প্রদর্শন।
মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রভাবশালী সাবেক এই দুই ব্যক্তি গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। এরপর রাতে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও আইনমন্ত্রী হন। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন।