দুই কারণে সরকারকে ধন্যবাদ দোকান মালিক সমিতির

আগামী ১১ আগস্ট থেকে মার্কেট, শপিংমল, দোকানপাট খুলে দেয়ার যে ঘোষণা সরকার দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একইসাথে ব্যবসায়ী, কর্মচারিদের টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছে সমতি।

মঙ্গলবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন। 

তিনি বলেন, সরকারের টিকাদানের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেভাবে প্রয়োজন সেভাবে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। 

সকল ব্যবসায়ী, কর্মচারীর টিকা নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি মার্কেটে দোকান মালিক সমিতির যে অফিস রয়েছে সেটিকে অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারেরও প্রস্তাব দিয়েছেন হেলাল উদ্দীন। 

আরও পড়ুন: করোনায় একদিনে ২৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৫ হাজার ৭৭৬

এর আগে মঙ্গলবার সকালে সচিবালয়ে চলমান কঠোর বিধিনিষেধ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে আয়োজিত উচ্চপর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান ১১ আগস্ট থেকে দোকানপাট, শপিংমল খুলে দেয়া হবে। 

চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানান মন্ত্রী। উক্ত সময়ে সরকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপকভাবে গণটিকাদান কর্মসূচী পরিচালনা করবে। এসময় এক সপ্তাহে এক কোটি টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরপর আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে সবকিছু খুলে দেয়া হবে বলে। 

একাত্তর/আরএইচ