অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী।
বিনিয়োগ ব্যবস্থাপকদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকীকে ওই পদে নিয়োগের বিষয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদায় বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সিএফএ ইনস্টিটিউটের রিজিয়নস ও সোসাইটি রিলেশন বিষয়ক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছিলেন লুৎফে সিদ্দিকী।
লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফে সিদ্দিকী।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে ইকোনমেট্রিক্সে স্নাতক ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ইকোনমিক্সে স্নাতকোত্তর করেছেন লুৎফে।
এর আগে, একজন সচিব ও আরেকজন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।
গত ২৮ আগস্ট সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলম।
তার আগে ২৪ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।